হারিয়ে যাওয়া ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
স্মার্টফোন হারিয়ে গেলে ফোনের মধ্যে থাকা ছবি, ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নথি এবং বিভিন্ন অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক। তবে অ্যান্ড্রয়েড ফোন হারালে সেটি খুঁজে বের করার জন্য গুগলের একটি বিশেষ সুবিধা রয়েছে। গুগল ফাইন্ড হাব নামের এই পরিষেবার সাহায্যে অন্য ফোন বা কম্পিউটার থেকে হারিয়ে যাওয়া ডিভাইসের শেষ জানা অবস্থান দেখা, দূর থেকে রিং বাজানো এবং ফোন লক করার মতো কাজ করা যায়। তবে এই সুবিধা কতটা কার্যকর হবে, তা নির্ভর করে ফোনের সেটিংস ও সংযোগের অবস্থার ওপর।
কী এই গুগল ফাইন্ড হাব?
আগে গুগলের এই পরিষেবা পরিচিত ছিল ‘ফাইন্ড মাই ডিভাইস’ নামে। বর্তমানে এর নাম গুগল ফাইন্ড হাব। গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইস খুঁজে পেতে এটি সাহায্য করে। ফোন অনলাইনে থাকলে তার বর্তমান বা সাম্প্রতিক অবস্থান দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে অফলাইনে থাকা ফোনের অবস্থান শনাক্ত করতেও গুগলের ফাইন্ড হাব নেটওয়ার্ক সাহায্য করতে পারে।
তবে মনে রাখতে হবে, সব পরিস্থিতিতে ফোনের নির্ভুল অবস্থান পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। ফোন বন্ধ থাকলে, ব্যাটারি শেষ হয়ে গেলে কিংবা প্রয়োজনীয় সেটিংস চালু না থাকলে অবস্থানের তথ্য সীমিত হতে পারে।