রাজধানীতে ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু
রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২টি বাস রুটে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে আগামী সাত কার্যদিবসের মধ্যে দুটি রুটে এই ব্যবস্থা চালু করতে বলা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ৩২টি রুটের ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ এবং ছয় মাসের মধ্যে পুরো ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকা মহানগরীর বাস রুট পুনর্বিন্যাস, কোম্পানিভিত্তিক বাস পরিচালনা, বাস স্টপেজ উন্নয়ন, টিকিট ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার এবং বাসের মান উন্নয়নে একাধিক সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থাপিত তথ্যে বলা হয়, ঢাকায় অনুমোদিত ৪১৮টি বাস রুটের মধ্যে বর্তমানে ৯৮টি রুট সচল রয়েছে। এসব রুটে ব্যক্তিমালিকানাধীন ও বিভিন্ন কোম্পানির বাস চলাচল করে। ছোট ছোট রুট এবং একাধিক রুটের মধ্যে ওভারল্যাপিংয়ের কারণে যাত্রী ওঠানো নিয়ে অসুস্থ প্রতিযোগিতা, যানজট ও দুর্ঘটনা ঘটছে। এ পরিস্থিতি বদলাতে সচল রুটগুলো সমন্বয় করে ৩২টি রুটে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত রুটের প্রায় ৭০ শতাংশ বিদ্যমান রুটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গণপরিবহন
- সড়কে শৃঙ্খলা