প্লেব্যাক ছাড়ার পর প্রথমবার কনসার্টে অরিজিৎ, ঘুরবেন ৯ শহরে
সিনেমায় গান ছাড়ার ঘোষণার পর ভারতীয় গায়ক অরিজিৎ সিং প্রথমবার কনসার্টে আসছেন।
ভারতের একাধিক শহরে কনসার্ট করবেন অরিজিৎ, তাই গায়কের টিমের তরফ থেকে এ সফরকে বলা হচ্ছে ‘ইন্ডিয়া ট্যুর’।
আনন্দবাজার জানিয়েছে, সংগীত জীবনের ২০ বছর উদযাপন করতেই এই উদ্যোগ। ‘ইন্ডিয়া ট্যুর’ শুরু হচ্ছে আসছে বছরের শুরুতে। সুরের এই সফর আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত।
দেশের ৯টি শহরে অনুষ্ঠান করবেন অরিজিৎ। ৯ জানুয়ারি অহমদাবাদে, ২৩ জানুয়ারি চণ্ডীগড়ে, ৭ ফেব্রুয়ারি জয়পুরে, ২০ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠান করবেন অরিজিৎ।
মে মাস পর্যন্ত অরিজিতের ‘ইন্ডিয়া ট্যুর’ চলবে। বেঙ্গালুরুতে ১৩ মার্চ অনুষ্ঠান করবেন অরিজিৎ, দিল্লিতে ২৭ মার্চ, পুণেতে ১০ এপ্রিল, ইন্দৌরে ১ মে এবং ১৫ মে হায়দরাবাদে অনুষ্ঠান রয়েছে অরিজিতের। তবে এই তালিকায় কলকাতা না থাকায় প্রশ্ন তুলেছেন অরিজিৎ ভক্তরা।
- ট্যাগ:
- বিনোদন
- কনসার্ট
- প্লেব্যাক
- অরিজিৎ সিং