রোগীর স্বজন পরিচয়ে গড়ে তোলেন সখ্য, এরপর নবজাতক চুরি
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে এক নবজাতককে নিয়ে পালিয়েছেন অজ্ঞাত এক নারী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ওই নারীকে শনাক্তকরণ এবং নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
চুরি হওয়া নবজাতক জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান।
পরিবারের সদস্যরা জানান, প্রসববেদনা নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন মরিয়ম। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান হওয়ায় পরিবারে ছিল আনন্দের পরিবেশ।
পরিবারের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত ওই নারী রোগীর স্বজন পরিচয়ে গাইনি ওয়ার্ডে এসে মরিয়ম ও তার মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন।
একপর্যায়ে মরিয়ম অসুস্থতা ও ব্যথা অনুভব করলে সহযোগিতার কথা বলে নবজাতককে কোলে নেন ওই নারী। এরপর নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানান। পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নবজাতক চুরি