রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট অনুমোদন, ডিসেম্বরে উৎপাদনের আশা
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-বায়রা।
বৃহস্পতিবার এই অনুমোদন পাওয়ার মাধ্যমে পারমাণবিক কেন্দ্রটির প্রথম ইউনিট স্থির অবস্থা থেকে সক্রিয় অপারেশনাল পর্যায়ে রূপ নিল। এর ফলে আগামী ডিসেম্বরের শেষভাগে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বায়রা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেছেন, জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের আগে আরও দুটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেন্দ্রটির প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমন সেফটি ভালভের (পিওআরভি/পিওএসভি) প্রযুক্তিগত জটিলতার কারণে অনুমোদন বিলম্ব হয়।
পরবর্তীতে রাশিয়া থেকে আসা উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল বিভিন্ন কৌশলগত পদক্ষেপে সমস্যার সমাধান করে এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই সফলতার ওপর ভিত্তি করেই বায়রা ক্রিটিক্যালিটির অনুমতি দিয়েছে। এর ফলে আগামী ডিসেম্বরের শেষভাগে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনার পথ উন্মুক্ত হলো।