জুলাই সনদের সঙ্গে বিএনপির ইশতেহারও গুরুত্ব পাবে
সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি জুলাই সনদের পাশাপাশি বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে। কমিটিতে থাকা ক্ষমতাসীন দলের সদস্যরা এমনটি জানিয়েছেন।
বিএনপির প্রধান প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে বাদ দেওয়া এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্দিষ্ট করা।
বিএনপি প্রধানমন্ত্রীকে একইসঙ্গে দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার এবং উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি করার পক্ষে।
কমিটির সদস্য চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জয়নুল আবদিন দ্য ডেইলি স্টারকে দলটির এই অবস্থানের কথা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারে থাকা সাংবিধানিক বিষয়গুলো জুলাই সনদের পাশাপাশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আবারও বলেছেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তা হুবহু বাস্তবায়ন করবে।
তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে এমন বেশ কিছু প্রস্তাব রয়েছে যেগুলোর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। যেহেতু ওই বিষয়গুলোর ওপর ভিত্তি করেই আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, তাই সেগুলোকেও আমরা অন্তর্ভুক্ত করব।
বিএনপির ইশতেহারে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ অক্টোবর স্বাক্ষরিত 'জুলাই জাতীয় সনদ' সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে।