কারো কয়েক মিনিট, কারো মাত্র কয়েকদিনের আয়ু
একটি প্রাণী পৃথিবীতে এসেছে, শৈশব পেরিয়ে বড় হয়েছে, নিজের বংশ রেখে গেছে তারপর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই জীবন শেষ! মানুষের কাছে যা অবিশ্বাস্য, প্রকৃতির কাছে সেটিই আবার স্বাভাবিক। পৃথিবীর সব প্রাণীর জীবনচক্র এক নয়। কেউ শত বছর বাঁচে, কেউ কয়েক দশক, আবার এমন কিছু প্রাণীও রয়েছে যাদের পূর্ণবয়স্ক জীবন এতটাই ছোট যে তাদের আয়ু হিসাব করতে ঘণ্টা বা দিনের বদলে মিনিটের কথাও বলতে হয়।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কোনো কোনো প্রাণীর পুরো জীবনকাল দীর্ঘ হলেও পূর্ণবয়স্ক অবস্থায় তাদের আয়ু অত্যন্ত কম।
এমনই কয়েকটি আশ্চর্য প্রাণীর কথা জেনে নেওয়া যাক-
মেফ্লাই: পূর্ণবয়স্ক জীবন কয়েক ঘণ্টা, কিছু ক্ষেত্রে আরও কম
স্বল্প আয়ুর প্রাণীর কথা উঠলে সবার আগে আসে মেফ্লাই বা এক ধরনের জলজ পতঙ্গের নাম। তবে ‘মেফ্লাই মাত্র পাঁচ মিনিট বাঁচে’ এই প্রচলিত কথাটি পুরোপুরি সঠিক নয়। প্রজাতিভেদে তাদের পূর্ণবয়স্ক অবস্থার আয়ু কয়েক মিনিট থেকে কয়েক দিন পর্যন্ত হতে পারে।