বাংলাদেশ ভ্রমণে এসে স্টেশনে ব্যাগ উধাও, কাঁদছেন জার্মান পর্যটক
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে এসেছিলেন ১৮ বছর বয়সী তরুণ পর্যটক কিরিল। তবে নাটোর রেলস্টেশনে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন তিনি। ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী।
কিরিলের ভাষ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) বিকেল প্রায় ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। এরপর স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগটি রেখে এটিএম থেকে টাকা তুলতে যান। যাওয়ার আগে ভেস্ট পরা একজন রেলওয়ে কর্মকর্তার কাছে তার ব্যাগ ও মালামাল রেখে যান কিরিল। ওই কর্মকর্তা তার জিনিসপত্রের দেখভাল করবেন বলে আশ্বস্ত করেছিলেন।
কিরিল জানান, এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে তিনি দেখেন, তার ব্যাগসহ মালামাল এবং ওই রেলওয়ে কর্মকর্তার কাউকেই সেখানে পাওয়া যাচ্ছে না। এরপর বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি তিনি।
কিরিলের দাবি অনুযায়ী, তার ল্যাপটপের আইক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় অবস্থান দেখাচ্ছিল। এতে চুরি যাওয়া মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।