শীতের আগে এসির যে ৩ কাজ করানো ভালো
শীতের আমেজ শুরু হলেই অনেক বাড়িতে এসি ব্যবহার বন্ধ হয়ে যায়। তবে কয়েক মাস এসি বন্ধ রাখার আগে সেটিকে সঠিকভাবে পরিষ্কার ও প্রস্তুত করে রাখা জরুরি। তা না হলে দীর্ঘদিন অব্যবহৃত থাকার সময়ে এসির ভেতরে ধুলা, আর্দ্রতা ও ময়লা জমে নানা সমস্যা তৈরি করতে পারে। পরের গরমে এসি চালু করার পর দুর্গন্ধ, কম কুলিং কিংবা অতিরিক্ত বিদ্যুৎ খরচের মতো সমস্যা দেখা দিতে পারে।
তাই শীতের জন্য এসি বন্ধ করার আগে কয়েকটি সহজ কাজ করে রাখলেই পরের মরসুমে ঝামেলা অনেকটাই কমানো সম্ভব। জেনে নিন কোন কাজগুলো করবেন।
১. ফিল্টার, কয়েল ও আউটডোর ইউনিট পরিষ্কার করুন
গরমের কয়েক মাস নিয়মিত এসি চলার ফলে ইনডোর ইউনিটের ফিল্টার ও কয়েলে ধুলা জমে যায়। আউটডোর ইউনিটেও ধুলো, শুকনো পাতা বা অন্যান্য ময়লা আটকে থাকতে পারে। এগুলো পরিষ্কার না করে দীর্ঘদিন এসি বন্ধ রাখলে পরবর্তীতে দুর্গন্ধ বা কুলিংয়ের সমস্যা তৈরি হতে পারে।
২. এসির ভেতরের আর্দ্রতা শুকিয়ে নিন
এসি দীর্ঘদিন বন্ধ রাখার আগে ভেতরে জমে থাকা আর্দ্রতা যতটা সম্ভব দূর করা দরকার। আর্দ্র পরিবেশে ছত্রাক ও দুর্গন্ধ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। কিছু ক্ষেত্রে ধাতব অংশে মরচেও ধরতে পারে। এজন্য এসি পুরোপুরি বন্ধ করার আগে কিছুক্ষণ ড্রাই মোডে চালানো যেতে পারে। আপনার এসির মডেলে এই ফিচার থাকলে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন। এতে ইনডোর ইউনিটের ভিতরের অতিরিক্ত আর্দ্রতা কমাতে সাহায্য করবে। ড্রেন পাইপ ও ড্রিপ ট্রেতে পানি জমে থাকলে সেটিও পরিষ্কার করে নিন।
৩. বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রিমোটের ব্যাটারি খুলে রাখুন
এসি পরিষ্কার ও শুকিয়ে নেওয়ার পর দীর্ঘদিন ব্যবহার না করলে এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা ভালো। মেইন সুইচ বা এমসিবি বন্ধ করে প্রয়োজন অনুযায়ী প্লাগও খুলে রাখতে পারেন। এতে দীর্ঘ সময়ের ভোল্টেজ ওঠানামা বা বৈদ্যুতিক সমস্যার ঝুঁকি কমে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এয়ার কন্ডিশনার
- যত্নআত্তি