১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা। শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে দেখা যাবে কারিনাকে।
জানা গেছে, শচীন-জিগারের সুর করা এই গানটির সম্ভাব্য শিরোনাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন গানটির শুটিং করবেন শাহরুখ-কারিনা।
সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত বড় পরিসরে তৈরি হচ্ছে গানটি। এতে ভারতীয় শিল্পীর পাশাপাশি আন্তর্জাতিক কোনো সংগীত তারকাও কণ্ঠ দেবেন। গানটিতে শাহরুখ ও কারিনাকে একেবারেই ভিন্ন লুকে পাওয়া যাবে। নির্মাতাদের প্রত্যাশা, এটি হতে চলেছে এ বছরের অন্যতম সেরা গান এবং কিং সিনেমার বড় চমক।