কী নিয়ে ব্যস্ত সময় পার করছেন সৃজিত মুখার্জি?
টলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক সৃজিত মুখার্জির নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিকে ঘিরে সিনেপ্রেমীদের কৌতুহল তুঙ্গে। বিশেষ করে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনেতা নির্বাচন এবং নির্মাণের পেছনের গল্প নিয়ে মুখ খুলেছেন এই জনপ্রিয় নির্মাতা।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্র রূপায়ণে শুরু থেকেই কি টোটা রায়চৌধুরী প্রথম পছন্দ ছিলেন? এমন প্রশ্নের জবাবে সৃজিত জানান, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। প্রাথমিক ভাবনায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম থাকলেও শেষ পর্যন্ত সেই নির্বাচনে তিনি শতভাগ সন্তুষ্ট হতে পারছিলেন না।
সৃজিতের কথায়,‘অনেক চিন্তাভাবনা করেছি। শরৎচন্দ্রের চার ভিন্ন বয়সের চারটি ছবি সব সময় সঙ্গে নিয়ে ঘুরেছি। একদিন ছবিগুলোর দিকে তাকাতে তাকাতে আর প্রণ কাটলেটে কামড় দিতেই যেন মূল অঙ্কটা মিলে গেল! তখন মনে হলো, এই চরিত্রের জন্য টোটাই একদম সঠিক পছন্দ।’