নিষেধাজ্ঞার আগে কক্সবাজারে ধরা পড়ল বিপুল পরিমাণ ইলিশ, দাম কমল কি

প্রথম আলো প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৫

কিছুদিন ইলিশ আহরণ কমে যাওয়ার পর অক্টোবর মাসের শুরু থেকে কক্সবাজার উপকূলে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ছে। তবে বাজারে এর তেমন প্রভাব পড়েনি। বড় ও মাঝারি আকারের ইলিশের দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। মাঝারি আয়ের মানুষের ভরসা যে ছোট ইলিশে, তার দামও কেজিতে ৮০০ টাকার ওপরে।


কক্সবাজার জেলায় ছোট-বড় ৬ হাজার ট্রলারে কাজ করেন প্রায় ১ লাখ ২৭ হাজার জেলে। সাগরে এখন বিপুল ইলিশ ধরা পড়লেও আর এক দিন পর শুরু হতে যাওয়া নিষেধাজ্ঞার সময় সংসার কীভাবে চলবে, এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা শুরুর ঠিক আগে ট্রলারের জালে বিপুল ইলিশ ধরা পড়ছে, চড়া মূল্যে তা বিক্রিও হচ্ছে। কিন্তু বন্ধের সময় ঘনিয়ে আসায় আর ইলিশ আহরণ করা যাবে না। উপকূলে ইলিশ এলেও ধরার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ তাঁরা।


এক ট্রলারে ৪৪ লাখ টাকার ইলিশ


কক্সবাজার উপকূলে ধরা পড়া অধিকাংশ ট্রলারের ইলিশসহ সামুদ্রিক মাছ কেনাবেচা হয় শহরের নুনিয়াছটা ফিশারিঘাটে অবস্থিত সরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে। গতকাল মঙ্গলবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, গভীর সাগর থেকে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরে বিক্রির জন্য ফিশারিঘাটে ভিড়েছে অন্তত ৪৫টি ট্রলার। প্রতিটি ট্রলারেই অন্যান্য মাছের সঙ্গে ইলিশ রয়েছে। কোনো ট্রলারে তিন শ আবার কোনো ট্রলারে আড়াই হাজারের বেশি ইলিশ পড়েছে। এ ছাড়া মাইট্যা, গুইজ্যা, পোপা, কামিলা, রুপচান্দাসহ বিভিন্ন সামুদ্রিক মাছও রয়েছে ইলিশের সঙ্গে।


‘এফবি সোহেল’ নামের একটি ট্রলারে ধরা পড়েছে ২ হাজার ৪০০টি ইলিশ। সকাল সাড়ে ৯টায় সেই ইলিশ মৎস্য অবতরণ কেন্দ্রে নেওয়া হলে ৩০-৪০ জন ব্যবসায়ী তা কেনার জন্য ভিড় জমান। ট্রলারের মাঝি আবদুল মুনাফ (৫৫) ইলিশগুলোর দাম চান ৫০ লাখ টাকা। দর–কষাকষির পর তিনজন ব্যবসায়ী মিলে ইলিশগুলো ৪৪ লাখ টাকায় কিনে নেন। এ ক্ষেত্রে প্রতি কেজি ইলিশের দাম পড়েছে প্রায় ২ হাজার টাকা। ব্যবসায়ীদের একজন সিরাজুল ইসলাম বলেন, এই ইলিশ ঢাকার বাজারে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হবে। দেশের অন্য কোথাও তেমন ইলিশ ধরা পড়ছে না বলে দাম এখনো চড়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও