সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না। এমনকি মধ্যরাতে সারিতে দাঁড়িয়েও তা মিলছে না। দিনের পর দিন ডিলার পয়েন্টে ঘুরেও প্রয়োজনীয় সার না পেয়ে অনেকে ছুটছেন খুচরা বাজারে। সেখানে বাড়তি দাম দিলেই মিলছে টিএসপি, ডিএপি ও এমওপি সার।
গতকাল সোমবার সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান করে সদর উপজেলার দেবীনগর বোর্ডপাড়া এলাকা ঘুরে দেখা যায়, সরকারি দামে সার কিনতে ডিলার পয়েন্টে ভিড় করেছেন অন্তত পাঁচ শ কৃষক। দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজনীয় সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। একপর্যায়ে সেখানে দায়িত্ব পালন করতে যাওয়া উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গেও কৃষকদের বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁকে ধাক্কা দিয়ে ডিলার পয়েন্ট থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে।
সদর উপজেলার দেবীনগর এলাকার কৃষক কাবিরুল ইসলাম বলেন, জমিতে সার দেওয়ার সময় চলে যাচ্ছে। কিন্তু ডিলারের কাছে গেলে সার পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে। অথচ খুচরা দোকানে টাকা বেশি দিলেই সার পাওয়া যাচ্ছে। ডিলার পয়েন্টে মাসে একবার এক থেকে দুই বস্তা সার মিললেও সেটাও যথেষ্ট নয়।