গোল ও জোড়া অ্যাসিস্টে আর্জেন্টিনাকে জিতিয়ে বিদায় রাঙালেন মেসি
দলের গোল হলো তিনটি। আর তিনটিতেই সরাসরি অবদান রাখলেন লিওনেল মেসি। একটি গোল ও দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেও যেন সেরা সময়ের মতোই খেললেন এই মহাতারকা। গোল পেয়েছেন মেসির মতোই শেষ ম্যাচ খেলতে নামা নিকোলাস ওতামেন্দিও। তাতে বেনিনের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দলের হয়ে অপর গোলটি করেছেন তরুণ তারকা নিকোলাস পাজ, যাকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন।
এদিন বল মাঠে গড়ানোর আগেই বোঝা গিয়েছিল, রাতটি কতটা বিশেষ হতে যাচ্ছে। জাতীয় সংগীতের সময়ই আবেগে ভেসে উঠেছিল মেসির চোখ। এরপর ম্যাচের ১০ মিনিটে খেলা থামিয়ে দেওয়া হয়। পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে শেষবারের মতো অভিবাদন জানায় মেসিকে। করতালির সেই ঢেউ যেন থামতেই চাইছিল না।
প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। বিশেষ করে হুলিয়ান আলভারেজ ছিলেন বেশ সক্রিয়। আর মেসি খেলছিলেন দুই লাইনের মাঝখানে। একটু জায়গা পেলেই তৈরি করছিলেন বিপদ। শেষ নাচটা গোল দিয়ে শুরু করার কয়েকটি সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু বেনিনের গোলরক্ষক ছিলেন দুর্দান্ত ফর্মে। বারবার মেসিকে থামিয়েছেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- বিদায়
- আন্তর্জাতিক ফুটবল
- লিওনেল মেসি