এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার
এবারের শারদীয় দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে ডিএমপি।
আজ মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি জানান, মহালয়াসহ দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশের ইনচার্জরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন।
দুর্গাপূজা চলাকালে পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানান তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দুর্গাপূজা