You have reached your daily news limit

Please log in to continue


এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি কাল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করতে যাচ্ছে সরকার। আগামীকাল বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন হোটেলে এ চুক্তি সই অনুষ্ঠান হবে। চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১ নিও উড়োজাহাজ কেনা হবে।

বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর ছয়টি এ৩২১ নিও পরিচালনা করা হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে। ফলে দূরপাল্লার আন্তর্জাতিক গন্তব্যের পাশাপাশি আঞ্চলিক রুটেও বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে।

বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে জানিয়েছিলেন, বাংলাদেশ ১০টি এয়ারবাস কিনছে। এসব উড়োজাহাজের সরবরাহ ২০৩৩ সালে শুরু হতে পারে এবং পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে। তবে ১০টি এয়ারবাস কেনার চুক্তির মোট বাণিজ্যিক মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন