আট মাসের মাথায় যমুনা সার কারখানায় উৎপাদন শুরু
গ্যাস সংকটে প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা উৎপাদনে ফিরেছে।
সোমবার রাত ৩টা ১০ মিনিটের দিকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক।
তিনি বলেন, গ্যাস না থাকা ও বিভিন্ন যান্ত্রিক জটিলতার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানা। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের ফলে কারখানাটির উৎপাদন ফের বন্ধ হয়ে যায়।
এরপর গত ২০ সেপ্টেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও ‘পর্যাপ্ত চাপ’ না থাকায় উৎপাদন করা সম্ভব হয়নি বলে জানান কারখানার কর্মকর্তা ফজলুল হক।
তিনি বলেন, নিরবচ্ছিন্ন ইউরিয়া উৎপাদনের জন্য আদর্শভাবে গ্যাসের চাপ ৪৬ এমএমসিএফ প্রয়োজন। তবে ৪২ থেকে ৪৩ এমএমসিএফ চাপেও সার উৎপাদন সম্ভব হয়।
উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২৭ থেকে ২৮ এমএমসিএফ চাপে গ্যাস সরবরাহ করছিল। প্রয়োজনের তুলনায় চাপ কম থাকায় কারখানা চালুর কার্যক্রম শুরু হলেও উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। এরপর গ্যাসের পর্যাপ্ত চাপ পেয়ে সোমবার গভীর রাতে সার উৎপাদন শুরু হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উৎপাদন শুরু
- সার কারখানা