আর্থিক অনিয়মের গুঞ্জনে ক্ষুব্ধ রাকুল প্রীত
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, এই অভিযানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই এবং তিনি কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেনে জড়িত নন।
গত ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে রাকুল প্রীত সিং, তাঁর শ্বশুর প্রযোজক বাসু ভাগনানি এবং প্যানোরামা স্টুডিওসের সঙ্গে সম্পৃক্ত ১২টি স্থানে তল্লাশি চালায় আয়কর বিভাগ। সিনেমার শুটিং ব্যয়, প্রযোজনা খরচ ও আন্তর্জাতিক পরিবেশনার নামে বিদেশে বিপুল অঙ্কের অর্থ লেনদেনে অনিয়মের সন্দেহে এই অনুসন্ধান চালানো হয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ খবর ছড়িয়ে পড়তেই রাকুলকে নিয়ে জল্পনাকল্পনা তৈরি হয়।
গতকাল ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে রাকুল বলেন, ‘কোনো রকম যাচাই না করে যেভাবে গণমাধ্যম এ খবর প্রচার করেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আয়কর বিভাগের এই তল্লাশি আমাকে নিয়ে ছিল না। আমি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান, কোনো গডফাদার ছাড়াই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছি। ২০ বছর বয়স থেকেই নিয়মিত সরকারকে কর দিয়ে আসছি। ব্যক্তিগতভাবে বা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে যেকোনো ধরনের অবৈধ বিদেশি লেনদেনে আমি কখনো জড়িত ছিলাম না।’
- ট্যাগ:
- বিনোদন
- আর্থিক অনিয়ম
- রাকুল প্রীত