সরাসরি তালিকাভুক্তিতে ফিরল বেসরকারি কোম্পানি
দেশের পুঁজিবাজারে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ ফিরে এসেছে। পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সাড়ে ১৬ বছর ধরে থাকা এ-সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। এর অর্থ হলো, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন শেয়ার ইস্যু না করেই বেসরকারি কোম্পানি সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। এত দিন শুধু সরকারি প্রতিষ্ঠানের জন্য এই সুযোগ উন্মুক্ত ছিল। এখন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানির জন্যও প্রাথমিক গণপ্রস্তাব ছাড়াই তালিকাভুক্তির দরজা খুলল।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল সোমবার এক আদেশে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি জারি করা বেসরকারি কোম্পানির তালিকাভুক্তির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এর ফলে দেশের দুই স্টক এক্সচেঞ্জ—ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি কোম্পানি ও বহুজাতিক প্রতিষ্ঠানকেও সরাসরি তালিকাভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের আবেদন বিবেচনায় নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার আগের সিদ্ধান্ত থেকে সরে আসে। বিভাগের উপসচিব মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরকারি, বেসরকারি ও বহুজাতিক কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।