কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির যুগে মানুষের সঙ্গে রোবট বা ভার্চ্যুয়াল সম্পর্কের প্রবণতা বিশ্বজুড়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই আসক্তি ও মানসিক নির্ভরশীলতা রোধ করতে চীন সরকার সম্প্রতি হিউম্যান-লাইক বা মানুষের মতো আচরণ করা এআই চ্যাটবটের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানসিক স্বাস্থ্য রক্ষা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে এই পদক্ষেপ নিলেও এর পেছনে দেশের জন্মহার বাড়ানো এবং সমাজ নিয়ন্ত্রণের গভীর কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
চলতি বছরের জুলাই মাসে কার্যকর হওয়া নতুন এই নীতিমালায় যেসব কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদি আবেগঘন আলোচনা তৈরি করতে পারে, সেগুলোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১৪ বছরের কম বয়সীদের জন্য যেকোনো ধরনের এআই চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ১৮ বছরের কম বয়সীদের জন্য ভার্চ্যুয়াল সঙ্গী, জীবনসঙ্গী বা এ–জাতীয় কোনো অন্তরঙ্গ সম্পর্কের সুযোগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য এটি সরাসরি কোনো নিষেধাজ্ঞা না হলেও চ্যাটবটকে স্পষ্টভাবে জানাতে হবে যে তারা কোনো মানুষ নয়। এ ছাড়া ব্যবহারকারী কতক্ষণ অনলাইনে আছেন, তা প্রতি দুই ঘণ্টায় মনে করিয়ে দেওয়ার নিয়মও রাখা হয়েছে।
কঠোর এই নিয়মের ফলে আলিবাবা ও বাইটড্যান্সের মতো চীনের বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের এআই সহকারী থেকে এ–জাতীয় বন্ধু বা কম্প্যানিয়ন ফিচার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অক্সফোর্ড চায়না পলিসি ল্যাবের এআই–গবেষক জিলান কিয়ানের মতে, সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। গবেষকদের অনেকেই মনে করছেন, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে চীনের এই আইন বিশ্বজুড়ে একটি বড় নজির স্থাপন করতে পারে।