শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার
বিশ্ব শিক্ষক দিবসের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নাম থাকায় মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তিল্লী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ব্যানারটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার (৪৮) বাড়ি পাশের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের আগ-কলিয়া গ্রামে। পাশের ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ইদ্রিস আলী জানান, আবুল হাশেম কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে আছেন। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।
সাটুরিয়া থানা-পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।