শিক্ষক শুধু একটি পেশার নাম নয়; শিক্ষক একটি জাতির বিবেক, জ্ঞান ও মানবিকতার নির্মাতা। একটি শিশু যখন প্রথম বিদ্যালয়ে যায়, তখন তার হাতে শুধু বই-খাতা তুলে দেওয়া হয় না, তার সামনে খুলে দেওয়া হয় একটি নতুন পৃথিবীর দরজা।
সেই দরজা দিয়ে তাকে জ্ঞানের আলোয়, নৈতিকতায়, মানবিকতায় এবং স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যান একজন শিক্ষক। তাই শিক্ষককে সম্মান করা মানে শুধু একজন ব্যক্তিকে সম্মান করা নয়; বরং জ্ঞান, শিক্ষা, সভ্যতা ও ভবিষ্যৎ প্রজন্মকে সম্মান করা। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানবসভ্যতার অগ্রযাত্রায় শিক্ষকের ভূমিকা অপরিসীম। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে উপমহাদেশের আচার্য, মাওলানা, পণ্ডিত, শিক্ষক প্রত্যেক যুগেই জ্ঞান বিতরণকারী মানুষ সমাজে বিশেষ মর্যাদা পেয়েছেন।