বিশ্ব শিক্ষক দিবস আজ। দিবসটি উপলক্ষে শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিয়ে বাংলাদেশেও নানান আয়োজন করা হয়েছে। অথচ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট কাটছে না। সরকারি প্রাথমিক থেকে মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি সব স্তরেই রয়েছে শিক্ষক সংকট। কোথাও প্রধান শিক্ষক নেই। কোথাও আবার অনুমোদিত পদের অর্ধেকই শূন্য।
এমন শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে, যেখানে মাত্র একজন শিক্ষককেই একাধিক বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। বাড়ছে শিক্ষার্থীদের শিখন ঘাটতি। বিশেষ করে গ্রাম, চর ও দুর্গম এলাকার শিক্ষার্থীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে অনেক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক সংকটের কারণে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ছে। এ সংকট দূর করতে হবে। শূন্যপদে যোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে।
শিক্ষাবিদদের সঙ্গে একমত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। তবে নানান রকম সীমাবদ্ধতার কারণে শিক্ষক সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করেন তারা। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, বর্তমান সরকার শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে তুলতে চায়। এ কারণে বেতন-ভাতা, সম্মান ও সামাজিক মর্যাদা বাড়াতে কাজ করছে।