কেমোথেরাপি চলছে তানিয়া বৃষ্টির, এ মাসে ফিরতে চান শুটিংয়ে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়। তখন থেকেই অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন তানিয়া। তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে ভক্তদের মনে গভীর উদ্বেগ। অনেকে জানতে চান, এখন কেমন আছেন তিনি, কবে থেকে আবার ফিরবেন শুটিংয়ে?
ভক্তদের প্রশ্নগুলো চোখ এড়ায়নি অভিনেত্রীর। সেই প্রশ্নের উত্তর দিতে গতকাল ফেসবুকে লাইভে আসেন তানিয়া। জানালেন, তিন মাস ধরে কেমোথেরাপি চলছে তাঁর। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ; এ মাসেই ফিরতে চান শুটিংয়ে।
নিজের শারীরিক অবস্থার খবর জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেক দিন ধরে অসুস্থ, এখনো আছি। আগের চেয়ে অনেকটা ভালো। এখন কেমোথেরাপি চলছে। তিন মাস শেষ হয়েছে, আরও তিন মাস কেমোথেরাপি নিতে হবে।’
পরবর্তী চিকিৎসার বিষয়ে তানিয়া বৃষ্টি জানান, ছয় মাসের কেমোথেরাপি শেষ হলে মাথার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। ওই রিপোর্টগুলোর ফল দেখে ডাক্তার পরবর্তী চিকিৎসার বিষয়ে জানাবেন।
- ট্যাগ:
- বিনোদন
- কেমোথেরাপি
- কাজে ফেরা
- তানিয়া বৃষ্টি