দক্ষিণ এশিয়ায় ফলের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে
ঢাকার বাজারে এখন এক কেজি মাল্টার দাম ৫২০ থেকে ৫৫০ টাকা, যা একই সময়ে ভারতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকা, পাকিস্তানে ৮০-১৩০ টাকা, নেপালে ১৩০-১৮০ টাকা এবং শ্রীলঙ্কায় ৩০০-৪০০ টাকা। অর্থাৎ, বাংলাদেশে এ ফলের দাম পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে প্রায় সাতগুণ পর্যন্ত বেশি।
শুধু মাল্টা নয়, আপেল, কমলা, আঙ্গুর, খেজুরসহ বিভিন্ন বিদেশি ফলের ক্ষেত্রে এ দামের চরম তারতম্য উঠে এসেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে।
এতে বলা হচ্ছে, চড়া শুল্কহার ও বাড়তি দামে শুল্কায়নের পাশাপাশি বিক্রেতাদের অতি মুনাফার চক্র এবং বিলাসবহুল পণ্যের তালিকায় ফলকে যুক্ত করার কারণে দেশে আমদানি করা বিদেশি ফল অস্বাভাবিক চড়া দামে বিক্রি হচ্ছে।
যার কারণে এসব ফল এখন সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে গেছে। রোগীর পথ্য হিসেবে পরিচিত এসব ফল এখন ভোক্তার ওপর বড় বোঝা।
ওই প্রতিবেদনে দেখা গেছে, আপেল প্রতি কেজি দেশের বাজারে এখন ৩৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হলেও ভারতে প্রতি কেজির দাম মাত্র ২২০ টাকা। পাকিস্তানে ১৭০ টাকা, নেপালে ২৪০ টাকা এবং শ্রীলঙ্কায় সর্বোচ্চ ৪৫০ টাকা। একই চিত্র দেখা গেছে কমলা, আঙ্গুর ও খেজুরের দামের ক্ষেত্রেও।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ফলের বাজার
- বাড়তি দাম