অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার হচ্ছে, ২০৩৪ সালের মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। এটি অত্যন্ত কঠিন একটি লক্ষ্যমাত্রা, তবে অর্জন অযোগ্য নয়। অর্থাৎ এ লক্ষ্য অর্জন করতে হলে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম চালাতে হবে এবং অর্থনীতির সবটুকু সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
সর্বশেষ পরিসংখ্যান মোতাবেক বাংলাদেশের জিডিপির আকার ৫০১ বিলিয়ন ডলার। এর অর্থ হচ্ছে, ২০৩৪ সাল নাগাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আগামী ৮ বছরে দেশের জিডিপির আকার দ্বিগুণ করতে হবে। অর্থনীতিবিদরা তাদের গবেষণায় দেখিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে হলে প্রতিবছর গড়ে ১০ বিলিয়ন ডলারের সমপরিমাণ স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আহরণ করাসহ জিডিপি প্রবৃদ্ধির হার ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করতে হবে।
একই সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য উন্নয়ন পরিকল্পনাকে ঢেলে সাজাতে হবে। যেনতেনভাবে অবকাঠামোগত উন্নয়নকে প্রকৃত উন্নয়ন বলা যায় না। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক উন্নয়ন এবং এর সুফল যাতে সমাজের প্রত্যেক নাগরিক ন্যায্যতার ভিত্তিতে ভোগ করতে পারে, তা নিশ্চিত করাকেই প্রকৃত উন্নয়ন বলা যেতে পারে। উন্নয়নের সুফল যদি সামান্য কিছু গোষ্ঠী বা মানুষের হাতে পুঞ্জীভূত হয়, তাহলে তাকে সুষম উন্নয়ন বলা যায় না।