জ্বালানি তেলের দাম দফায় দফায় বাড়ার প্রধান কারণ হলো আন্তর্জাতিক বাজারে এর মূল্যবৃদ্ধি। গত বছর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল প্রতি ব্যারেল প্রায় ৬০ ডলার।
গ্রামবাংলার মানুষের জীবনযাত্রায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এখন সরাসরি দৃশ্যমান। দেশের প্রায় সব গ্রামীণ পরিবার বিদ্যুতের আওতায় এলেও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অনেক পরিবারকে এখনো বিকল্প জ্বালানি পণ্যের ওপর নির্ভর করতে হয়। কিন্তু সেসব পণ্য—যেমন কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় আলো জ্বালানো, রান্না কিংবা রাতে মাছ ধরার মতো কাজে ব্যয় বেড়েছে।
অন্যদিকে কৃষকের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডিজেলের মূল্যবৃদ্ধি। সেচ, জমি প্রস্তুত, ফসল কাটা, মাড়াই ও কৃষিপণ্য পরিবহনে ডিজেলের ব্যবহার থাকায় এর দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে উৎপাদন ব্যয়ে। নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি গ্রামীণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।