রূপপুরের পারমাণবিক জ্বালানি নিয়ে দেশে পৌঁছাল বিশেষ কার্গো বিমান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি নিয়ে বিশেষ কার্গো বিমান শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে ঢাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ টিবিএসকে জানান, রাত ১১টা ৪৩ মিনিটের দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
তিনি আরও বলেন, এই চালানের স্থানান্তর ও পরিবহন-সংক্রান্ত যাবতীয় তথ্য গোপনীয় রাখা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আকস্মিকভাবে বিমানবন্দর পরিদর্শনে যান। সে সময় তিনি জানান, রূপপুরের ইউরেনিয়াম চালানটি নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উড়োজাহাজটির প্রথমে শুক্রবার বিকেলে বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও কয়েক ঘণ্টা দেরিতে অবতরণ করে।
বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে ব্যবহারের জন্য নির্ধারিত এই চালানটি পৌঁছানোর কথা ছিল গত ২৪ সেপ্টেম্বর। তবে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় চালানটি সরবরাহে বিলম্ব ঘটে।