ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট এর স্ট্রাইক গ্রুপসহ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো ঘাঁটি থেকে যাত্রা শুরু করা এ রণতরীটি ইরানের আশপাশে মোতায়েন করা হবে বলে এক আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা। এ নিয়ে বছরের শেষ নাগাদ ইরানের পার্শ্ববর্তী অঞ্চলে মোতায়েন হওয়া যুক্তরোষ্ট্রের রণতরীর সংখ্যা হবে তিনটি।
এর পাশাপাশি অঞ্চলটিতে মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যরা স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওয়ানা দিয়েছেন। এতে স্থলবাহিনীর অংশ হিসেবে দুই হাজারেরও বেশি মার্কিন মেরিন সেনা রয়েছেন।
ওই সামরিক কর্মকর্তা জানান, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন থাকবে। তার ভাষ্য-ইরানের সঙ্গে বোঝাপড়া করতে আমাদের নেতাদের হাতে অনেক বিকল্প রয়েছে।
এদিকে, ওয়াশিংটনের সঙ্গে তেহরান দ্রুতই কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মার্কিন রণতরী