শিমের কেজি ২০০ করে হলেও ব্রয়লার ১৮০ টাকা
রাজধানীর কাঁচামালের বাজারে সবচেয়ে দামি সবজি শিম আর সবচেয়ে কমদামি সবজি পেঁপে। শিমের কেজি ২০০ টাকা আর পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। অন্যান্য সবজি কিনতে হলে কেজি প্রতি গুনতে হবে কমপক্ষে ৭০ টাকা।
তবে চলতি সপ্তাহে মাছ, মাংস ও ডিমের দাম প্রায় আগের মতোই। ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা। প্রতি কেজি মাছের দাম রাজধানীর বাজারভেদে কোথাও ২০ টাকা কম আবার কোথাও ১০ টাকা বেশি।
আজ (শুক্রবার) রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সাধারণ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে। শসা তুলনামূলক কিছুটা কম দামে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। ৩০ টাকা কেজিতে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- নিত্যপণ্যের দাম