পর্যাপ্ত আমদানির পরও এলপিজি সিলিন্ডারের দ্বিগুণ দাম, কারসাজি কোথায়
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম এক হাজার ৫৮৫ টাকা, অথচ কোথাও কোথাও তা বিক্রি হচ্ছে ২ হাজার ৯০০ টাকা পর্যন্ত।
আমদানিতে ঘাটতি না থাকলেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ উঠেছে। আবার সিলিন্ডার নেই- এ অজুহাতে অনেক জায়গায় দোকান বন্ধ রেখেছেন এলপিজি সিলিন্ডার বিক্রেতারা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও খাতসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত আগস্ট ও সেপ্টেম্বর—দুই মাসেই দেশে এলপিজির আমদানি পর্যাপ্ত ছিল। ফলে আমদানির ঘাটতির কারণে বাজারে সংকট তৈরি হওয়ার কথা নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিইআরসি বলছে, দেশে সেপ্টেম্বর মাসে এলপিজি আমদানি হয়েছে এক লাখ ৫৬ হাজার টন। আগস্ট মাসে আমদানি হয়েছে এক লাখ ৫৭ হাজার টন। সেই হিসাবে দেশে চাহিদার তুলনায় এলপি গ্যাসের সংকট থাকার কথা নয়। প্রতি মাসের ২ তারিখে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। সেই ঘোষণাকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী বাজার কারসাজি করছেন বলে ধারণা করছেন বিইআরসি কর্মকর্তারা।