বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে। বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সবার জন্য সমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেক বছর ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। স্বৈরাচার গত ১৭ বছর ধরে দেশের মানুষের টুঁটি চেপে ধরে রেখেছিল। দেশের মানুষের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল। মানুষকে তারা কথা বলতে দেয়নি। মানুষের কষ্ট-দুর্দশা তারা দূর করেনি। দুঃখ-দুর্দশার কথাও তারা শুনতে চায়নি সেদিন।
তিনি বলেন, ২৪-এর ৫ আগস্ট এ দেশের মানুষ সেই স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করেছে। এ বছর ২০২৬-এর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে এই দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। এই দেশে বিএনপিকে যখন দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, বিএনপি তার সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সকলের জন্য সমান। দেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আমরা দেখেছি, কীভাবে আইনের শাসনকে বিগত ১৭ বছর ভূলুণ্ঠিত করে দেওয়া হয়েছিল। আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করে আইনের শাসন ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে চাই।