বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার স্পিকারের কাছে লিখিত একটি চিঠিতে এ তথ্য জানান তিনি।
পরে সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাঁর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নারী আসন-২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।
এদিকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে আজ বিকেল সাড়ে ৪টায় ব্রিফ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন। সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তাঁর আসনটি শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট এলে অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।’
ব্রিফিংয়ে স্পিকার আরও বলেন, সংসদের বিধান হলো, এমপিরা যখন পদত্যাগ করেন, তাঁরা কোনো কারণ উল্লেখ করেন না।