যাত্রা বিরতিতে গান শোনাবেন কাওয়ালি ব্যান্ড ‘সুকূন দ্য সুফি সোল’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১৭:২২
সুফি সংগীত ও কাওয়ালির আবহে রাজধানীর বনানীর যাত্রা বিরতিতে গান শোনাবেন কাওয়ালি ব্যান্ড ‘সুকূন দ্য সুফি সোল’। কিংবদন্তিতুল্য কাওয়াল উস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানের নাম ‘ইয়াদে নুসরাত’।
আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে আয়োজনটি। নূর ইভেন্টসের উদ্যোগে এবং সুমি নূরের পরিকল্পনায় আয়োজিত এই অনুষ্ঠানে নুসরাত ফাতেহ আলী খানের জনপ্রিয় কাওয়ালির পাশাপাশি সুফি সংগীত পরিবেশন করবে ‘সুকূন দ্য সুফি সোল’।
এ প্রসঙ্গে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা শাদ শাহ বলেন, ‘নুসরাত ফাতেহ আলী খান আমাদের জন্য অনেক বড় একজন অনুপ্রেরণা। তার জন্মদিন উপলক্ষে এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পারাটা আমাদের জন্য আনন্দের। ‘ইয়াদে নুসরাত’-এ তার জনপ্রিয় কিছু কাওয়ালি পরিবেশন করব। পাশাপাশি আমাদের নিজেদের সুফি সংগীতও থাকবে। আশা করছি, শ্রোতারা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’