মাদক আর সন্ত্রাস রাজনৈতিক সহোদর
সরকারের প্রথম কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। এর সঙ্গে জড়িত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা। পুলিশের কর্মদক্ষতার চেয়েও তারা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্টু বলে সন্ত্রাসী কাজ অবাধে চলতে পারছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীরা চায় হাসিনা ফিরুক। আর হাসিনাকে ফেরাতে হলে দেশে রাজনৈতিক, সামাজিক অস্থিরতা তৈরি করার লক্ষ্যে তারা তৎপর। বিভিন্ন জায়গায় আগুন দেওয়া, মিছিল করে জানান দেওয়া, বাস পোড়ানো, রাজনৈতিক গুজব সৃষ্টি করে ভয় দেখানো, কাঁচাবাজারে পণ্যের মূল্য বাড়ানো, সিন্ডিকেট করে মানুষের নিত্যদিনের স্পর্শকাতর বিষয়ে গুজব সৃষ্টি ইত্যাদি কাজ করছে অনেকেই। পুলিশের সামনেই কিশোর গ্যাং জমি দখলের হিংস্র অবৈধ কাজ করছে। অপরাধী চক্র অবাধে চলাফেরা করছে, তাদের পুলিশ ধরছে না। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ। বিশেষ করে গ্রাম এলাকার লোকজন মনে করছে পুলিশ ইচ্ছা করেই এটা করছে। যেহেতু তারা ১৭/১৮ বছরের রাজনৈতিক সরকারের সহযোগী হিসাবে কাজ করেছে, এখনো তারা সেভাবেই নিজেদের কাজ করতে উৎসাহী।
অতি সম্প্রতি ঢাকার জাসদ অফিস থেকে ৩০০ লোককে আটক করে তারা প্রমাণ করার চেষ্টা করছে, তারা আইনশৃঙ্খলা রক্ষায় আবারও মনোযোগ দিয়েছে। কিন্তু সন্ত্রাস ও সন্ত্রাসী দমনে তারা কি সেই ভূমিকা দেখাতে পারছে? বিশেষ করে কিশোর গ্যাংদের আটক করা, তাদের অপরাধ জগৎ থেকে বিচ্ছিন্ন করা, অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা চালানো কি হচ্ছে? ঢাকার বেশিরভাগ বস্তি মাদকের ডেরা হিসাবে ব্যবহৃত হচ্ছে। ঢাকার সন্নিহিত এলাকার রেললাইন-সংলগ্ন বস্তিতে চলে মাদকের রমরমা ব্যবসা। সন্ত্রাসী ও গ্যাংস্টারদের মূল শক্তি হচ্ছে ওইসব মাদক-ডেরার কারবার। পুলিশ খুব ভালোভাবেই জানে বিষয়গুলো। কিন্তু কখনোই সেসব ডেরা থেকে মাদক সন্ত্রাসীদের আটকায় না। কেন তারা এতটা গা ছাড়াভাবে দায়িত্ব পালন করছে? কেন সরকারবিরোধী চক্র ওইসব মাদক ডেরার কারবারি সন্ত্রাসীদের আশ্রয় দেয়? পুলিশ কেন এর শেকড় উপড়ে ফেলে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন সন্ত্রাস নির্মূলে বিশেষ অ্যাকশনে যায় না?
পুলিশ ঘটনার পর কেন তৎপর হয়? ঘটনার আগে কেন তার শেকড় উপড়ে ফেলার কাজটি করে না? স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের প্রতি এত ক্ষোভ কেন জনমনে? অনেকেই মনে করেন, তিনি পুলিশ বাহিনী চালাতে পারছেন না। আইনশৃঙ্খলা রক্ষায় তার ঢিলে-ঢালা কাজ তার কথার মতোই জোরহীন। তিনি জোর দিয়ে কথা বলতে পারছেন না কেন? এসব কেন এর উত্তর জানা নেই বলেই নানা গুজব সৃষ্টি হয়। তাকে আওয়ামী লীগের আমলে গুম করা হয়েছিল। তিনি ভারত থেকে ৬ বছর পর দেশে ফেরেন। তাকে হত্যা না করে ভারতে পাচার করার পেছনে আওয়ামী দস্যু লীগের কি উদ্দেশ্য ছিল? এসব তথ্য জনগণের জানা নেই বলেই অপতথ্য পল্লবিত হওয়ার সুযোগ পায়। এ সুযোগ কেন দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার? সরকারের বয়স ৭ মাস হলেও আইনশৃঙ্খলা রক্ষায় ওই সময় কম নয়। তাহলে কি আমরা ধরে নেব আওয়ামী ফ্যাসিস্টের সময় যারা হাসিনাকে সেবা দিয়ে নিজেদের ইমেজকে ‘লেজুড়’ হিসাবে নির্মাণ করেছে, এখনো তারাই ওই বাহিনীতে আছে?
আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত দেশের মানুষের নিরাপত্তা ও শান্তি। এর সঙ্গে জড়িত দেশের উন্নয়ন ধারা, এর সঙ্গে জড়িত বাজার অর্থনীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়। সিন্ডিকেট ভেঙে সুশাসন কায়েম করা। সমাজে সুশাসন কায়েমে আইনশৃঙ্খলার দায়িত্ব সবচেয়ে বেশি। একে আমরা, অর্থাৎ আইনের শাসন হচ্ছে রাজনৈতিক সরকারের ব্যাকবোন বা শিরদাঁড়া।
অন্যদিকে দুর্ধর্ষ গ্যাং ও শীর্ষ সন্ত্রাসীদের চারণভূমি হিসাবে পরিচিত মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এবং আদাবরের শ্যামলী হাউজিং এলাকা দীর্ঘদিন ধরেই অরক্ষিত। চব্বিশের ৫ আগস্টের পর থেকে এলাকার একাধিক হাউজিং প্রজেক্ট, সরকারি খাসজমি এবং প্রবাসীদের বিরোধপূর্ণ জমি দখলে শীর্ষ সন্ত্রাসীদের নাম বারবার সামনে আসে। এলাকার কিশোর গ্যাং ও ক্যাডারদের দিয়ে রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি ও জমি দখলের সব ধরনের অপচেষ্টা চালানো হয়। এতে জমির মালিক ও ব্যবসায়ীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাৎ হোসাইন বলেন, সাম্প্রতিক অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট জোরদার করেছে। অপরাধপ্রবণ এলাকা ও অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এই হচ্ছে বা হবে শব্দগুলো গৎ-বাধা। এগুলো কেউ বিশ্বাস করে না। হচ্ছে শব্দটি যদি হয়েছে করে তোলা যায়, তাহলেই শুধু মানুষ বিশ্বাস করবে।
- ট্যাগ:
- মতামত
- মাদক
- সন্ত্রাসবাদ