সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৩
বেসরকারি বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংযোগের ভোল্টেজভেদে প্রতি ইউনিটের দাম পড়বে ৬ টাকা ৯৮ পয়সা এবং ৭ টাকা ১১ পয়সা।
নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র থেকে গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সঞ্চালন ও বিতরণ লাইন ব্যবহারের মাশুলও নির্ধারণ করেছে কমিশন।
বুধবার বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত তুলে ধরা বলা হয়, আগামী অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে।
বিইআরসি বলেছে, সৌরবিদ্যুৎভিত্তিক বাণিজ্যিক কেন্দ্র থেকে একক ক্রেতা হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুৎ কিনতে পারবে। ৩৩ কিলোভোল্ট বা কেভিতে প্রতি ইউনিটের দাম হবে ৬ টাকা ৯৮ পয়সা। ১৩২ কেভিতে দাম হবে ৭ টাকা ১১ পয়সা।