ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে প্রথম ম্যাচে দারুণ দাপট দেখিয়েছে স্পেন। লামিনে ইয়ামালের জোড়া গোল ও এক অ্যাসিস্টে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লা রোহা। অন্যদিকে লন্ডনে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে হারের ধাক্কা কাটিয়ে ১০ জনের চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড।
বিশ্বকাপ জয়ের পর প্রথমবার নিজেদের দর্শকদের সামনে খেলতে নেমেছিল স্পেন। ম্যাচ শুরুর আগে ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও সেভিয়া কিংবদন্তি হেসুস নাভাসের কাছ থেকে বিশ্বকাপ ট্রফি গ্রহণ করেন অধিনায়ক রদ্রি। এরপর মাঠে নেমেই সেই উৎসবের আবহকে রাঙিয়ে দেয় তারা।
ম্যাচের বয়স তখন মাত্র ৭৫ সেকেন্ড। বাম পায়ের নিখুঁত শটে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। এই গোলে ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়ায় ৩৬ ম্যাচে ৯টি।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্বাগতিকরা। ২৯ মিনিটে ইভান পেরিসিচের ক্রস থেকে ১.৯৫ মিটার উচ্চতার দিওন বেলজো দুর্দান্ত হেডে সমতায় ফেরান। কিন্তু সমতা ফেরার আনন্দ ক্রোয়েশিয়ার স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ইয়ামালের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে স্পেনকে আবারও এগিয়ে দেন মার্ক পুবিল।
৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। বার্সেলোনার সতীর্থ এবং ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে কাছের পোস্টে পরাস্ত করে স্পেনের ব্যবধান বাড়ান তিনি। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে দুর্দান্ত ড্রিবলিংয়ের পর বল জালে পাঠিয়ে স্পেনের জয় ৪-১ করেন অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস।