বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো
ঢাকা ও দেশের কয়েকটি জেলার ব্যবসায়ীরা কোম্পানিগুলোর কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে বোতলজাত সয়াবিন তেল পাচ্ছেন না। সরবরাহ কমে যাওয়ায় তার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়েও।
কোম্পানিগুলো আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর আহ্বান জানিয়েছে সরকারের প্রতি। অন্যদিকে গত এক সপ্তাহে ঢাকায় খোলা সয়াবিন ও পাম তেলের দাম এরই মধ্যে বেড়ে গেছে।
খুচরা বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী বোতলজাত তেল সরবরাহ করছে না। ডিলাররা তাদের জানিয়েছেন, কোম্পানিগুলো আবারও দাম বাড়াতে চায়।
তবে বাজারভেদে এই সংকটের মাত্রা ভিন্ন।
আন্তর্জাতিক বাজারে দাম ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে গত ৩ সেপ্টেম্বর সরকার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করে।
এর আগেও প্রায় দুই মাস ধরে সরবরাহ কম ছিল। দাম সমন্বয়ের পর কিছুদিন সরবরাহ স্থিতিশীল থাকলেও এখন আবার তা কমে গেছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৯ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম ১ দশমিক ০৫ শতাংশ বেড়ে লিটারপ্রতি ১৮৬-১৯৫ টাকা থেকে গতকাল ১৯০-১৯৫ টাকায় উঠেছে। খোলা পাম তেলের দাম বেড়েছে শূন্য দশমিক ৮৮ শতাংশ এবং ১৭০-১৭২ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭০-১৭৫ টাকা।