ডি থ্রি টুর্নামেন্ট নিয়ে যা বললেন সোহান
নতুন করে বিসিবি আয়োজন করতে যাচ্ছে ডি থ্রি টুর্নামেন্ট। যেখানে তিন সংস্করণেই হবে খেলা। যার শুরুটা হবে টি-টোয়েন্টি দিয়ে। আজ মঙ্গলবার হয়ে গেল এই টুর্নামেন্টের ম্যানেজমেন্ট ড্রাফট। সেখানে উপস্থিত ছিলেন ব্লু-স্টার গ্রুপের আইকন নুরুল হাসান সোহানও।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘সত্যি বলতে আমাদের ঘরোয়া ক্রিকেটের সূচি সব সময় জাতীয় দলের খেলোয়ারদের ওপরে নির্ভরশীল থাকে। আপনি যদি বাইরের দেশগুলোর দিকে তাকান, যেসব দেশে নিয়মিত ক্রিকেট হয়, সেখানে কিন্তু এভাবেই সবকিছু পরিচালিত হয়। জাতীয় দলের ১৫-২০ জন খেলোয়াড় ব্যস্ত থাকলেও ঘরোয়া ক্রিকেটের সূচি অনুযায়ী খেলা ঠিকই চলতে থাকে।'
‘বিগত অনেক বছর ধরেই আমরা এই বিষয়টা নিয়ে স্ট্রাগল করেছি। কারণ আমাদের ঘরোয়া ক্রিকেটের কোনো নির্ধারিত সূচি ছিল না। এ কারণে যারা ঘরোয়া ক্রিকেট খেলতো, তাদের নিজেদের পরিকল্পনা করতেও অনেকটা সমস্যা হতো। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ যে, আমরা অনেক আগে থেকেই জানতে পারছি, আমাদের কখন সূচি হচ্ছে। এ কারণে আমাদের প্লেয়ারদের মধ্যেও পেশাদ্বারিত্ব আরও বাড়বে।'-যোগ করেন তিনি।