রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়ে আগামী ১৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। মামলার অপর আসামিরা হলেন, আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলম আসামি পরীমণির আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) হাজিরা দেন। একই সঙ্গে অভিযোগ গঠন শুনানি পেছাতে আবেদন করেন। তিনি বলেন, পরীমণি কিছু দিন আগে পায়ে আঘাত পেয়ে অসুস্থ ছিলেন। হঠাৎ পায়ে ব্যথা বেড়ে যাওয়ায় চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। এ কারণে আদালতে আসতে পারেননি। এজন্য শুনানি পেছাতে সময়ের আবেদন করেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন বিরোধিতা করে পরীমণির জামিন বাতিল চেয়ে অভিযোগ গঠনের আদেশ প্রার্থণা করেন। একই সঙ্গে তিনি আইনজীবীর মাধ্যমে পরীমণির হাজিরাও বাতিলের আবেদন করেন। তিনি বলেন, এই আসামি কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থনা করছেন। যা অগ্রহণযোগ্য। পরে আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য নতুন দিন রাখেন।