ব্যাংক খাত সংস্কারসহ একনেকে ১৩ প্রকল্প পাস, খরচ প্রায় ১৬ হাজার কোটি টাকা
প্রথম আলো
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫
দেশের ব্যাংক খাতের সংস্কারে বড় প্রকল্প নেওয়া হয়েছে। ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ বা এফএসএসপি-২ শীর্ষক প্রকল্পে আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় এ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদিত হয়।
দেশের ব্যাংক খাতের সংস্কার, তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক খাতের সুরক্ষা জোরদারে এ নতুন প্রকল্পে খরচ ধরা হয়েছে ১ হাজার ২৭৬ কোটি টাকা। প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) এবং রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের আমানত সংরক্ষণব্যবস্থার জন্য সফটওয়্যার কেনা হবে। সার্ভার যন্ত্রপাতি ও যোগাযোগপ্রযুক্তি সরঞ্জাম কিনতে ৭০০ কোটি টাকার বেশি খরচ করা হবে।