সালমান মুক্তাদিরের স্টুডিও ভবনে হামলা : জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলার ৯ নম্বর এজাহারনামীয় আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযোগ রয়েছে, ওই হামলার সময় নিউগিনি প্রোপার্টিজের প্রকল্প এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ নামের স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।