সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: আরও ২ আসামি কারাগারে
কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে অবৈধভাবে প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- মো. শাহ আলম (৪৭) ও মো. আবুল আশেম (৫৩)।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এতে বলা হয়, আসামিদের বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত চলমান। আসামিরা জামিনে মুক্তি পেলে চির পলাতকসহ মামলার তদন্তের বিঘ্ন হওয়ার সম্ভবনা আছে। তাই তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।