গাজায় যা করা হয়েছে, পশ্চিম তীরেও তা করা উচিত: ইসরায়েলের অর্থমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩
ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে যুদ্ধ শুরু করতে চান দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ। তিনি বলেছেন, গাজায় যা করা হয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরেও একই কাজ করা উচিত। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন স্মোতরিচ। গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।
সাক্ষাৎকারে পশ্চিম তীরকে ‘জুদিয়া ও সামারিয়া’ হিসেবে উল্লেখ করেন ইসরায়েলের অর্থমন্ত্রী। তিনি বলেন, জুদিয়া ও সামারিয়ায় যুদ্ধে যেতে হবে ইসরায়েলের সেনাদের। গাজায় যা করা হয়েছে, সেখানেও তা–ই করতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) ভেঙে দিতে হবে। কারণ, এটি একটি সন্ত্রাসী সংগঠন।