জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর যেসব বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোতে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। বিশেষ কমিটি আগামী ডিসেম্বরেই সংসদে তাদের প্রতিবেদন পেশ করতে চায় এবং এর ভিত্তিতে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনী বিল সংসদে তোলা সম্ভব হতে পারে।
আজ রোববার জাতীয় সংসদে আয়োজিত সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে গণমাধ্যম ব্যক্তিত্বরা প্রধান বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের জোর পরামর্শ দেন।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বেলা আড়াইটা থেকে শুরু হয়ে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল। গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, সমকালের সম্পাদক শাহেদ মো. আলী, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমাদ, সাবেক গণমাধ্যম কমিশনের প্রধান কামাল হোসেন, বিপিজেএ সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোসহ ২৬ জন সাংবাদিক প্রতিনিধি।