সালমান মুক্তাদির ‘ভিকটিমাইজড’ হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ‘ভিকটিমাইজড’ হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্ত হয়েছে। আরও বিস্তারিত তদন্ত করতে হবে। এ বিষয়ে মামলা ও জিডির আইনি প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই মামলা হতে পারে।
আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক আলাপচারিতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালমান মুক্তাদিরের ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় তিনি ভিকটিমাইজড হয়েছেন, সেটা আমরা দেখেছি। আমরা প্রাথমিক তদন্ত করেছি। এটা খুবই সংক্ষিপ্ত। আরও বিস্তারিত তদন্ত করতে হবে। এ বিষয়ে মামলা, জিডি আইনি প্রক্রিয়া চলছে। হয়তো খুব শিগগিরই মামলা হতে পারে। এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি।’
সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে বিভিন্ন অভিযোগ করলেও এ বিষয়ে কোনো মামলা করেননি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে নিয়ে করা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা তাঁর বাক্স্বাধীনতা।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। তিনি একপর্যায়ে বলেছেন, তাঁর কাছ থেকে কেউ চাঁদা চাননি। চাইলে নাকি দিতেন এ রকম আমি শুনেছি। যাঁর কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন চাইলে দিতেন। তাহলে এটা চিহ্নিত কেউ না। এরপর তিনি বলছেন, বিএনপি চাঁদাবাজ দল। এটি ঢালাও অভিযোগ।’