স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের ১৩টি সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু করেছে বিএনপি। যদিও এখনো কোনো সিটিতে প্রার্থী ঘোষণা করেনি দলটি। তবে বিভিন্ন সিটিতে আলোচনায় রয়েছে একাধিক নেতার নাম। এদের মধ্যে বর্তমানে কেউ ওই সিটি করপোরেশনে প্রশাসকের দায়িত্বে আছেন, কেউ সাবেক মেয়র। পাশাপাশি নাম উঠে আসছে অনেক স্থানীয় নেতারও।
দলীয় সূত্র বলছে, সব সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের পরবর্তী নির্বাচনে মনোনয়নের জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে। তবে তাদের কেউ বিতর্কিত হয়ে পড়লে, শারীরিকভাবে অসুস্থ হলে, নির্বাচন করতে অনাগ্রহী হলে অথবা মৃত্যু হলে বিকল্প কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বর্তমান ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু গত ১ সেপ্টেম্বর জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি পদে বিএনপির পক্ষ থেকে একক প্রার্থী নিশ্চিত করা হবে। স্থানীয়ভাবে সমন্বয়ের মাধ্যমে একজন প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
একই কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে। তবে এবারের সিটি নির্বাচন নির্দলীয় হওয়ায় দলীয় প্রতীকে বিএনপি প্রার্থী দেবে না; দল-সমর্থিত প্রার্থী বাছাইয়ের বিষয়টি সামনে রয়েছে।