বনানীতে কভার্ড ভ্যানের ধাক্কায় বিদেশিসহ নিহত ২
ঢাকার বনানীতে কভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক বিদেশি রয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আমতলী মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাইড শেয়ার বাইকের চালক খালেদ সাইফুল্লাহ (৩৮) ও কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মাইকেল (৩৬)।
খালেদ নোয়াখালীর সোনাইমুড়ী থানার তরিক উল্লাহর ছেলে। সিয়েরা লিওনের নাগরিক মাইকেল মিরপুর ২ নম্বরের জনতা হাউজিং এলাকায় থাকতেন।
বনানী থানার এসআই তারেক হোসেন জানান, তেজগাঁওয়ের আলোকিতে ‘ওয়াও ফেস্ট’ অনুষ্ঠান শেষে শুক্রবার রাত ১১টার দিকে রাইড শেয়ারের বাইকে বাসায় ফিরছিলেন মাইকেল। পথে বনানীর আমতলী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। কাকলীগামী দ্রুতগতির একটি কভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইক আরোহী দুজন সড়কে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।