অপটিমাস রোবটের উৎপাদন বাড়াতে গিয়ে চাপে টেসলা
মানুষের মতো দেখতে ও কাজ করতে সক্ষম রোবট তৈরির লক্ষ্যে এগোচ্ছে টেসলা। তবে উৎপাদন বাড়াতে গিয়ে বড় ধরনের বাধার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে অপটিমাস রোবটের জটিল গঠন ও হাত তৈরির প্রক্রিয়া উৎপাদনের গতি বাড়ানোর পথে অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইনফরমেশন।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে অপটিমাস রোবটের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে টেসলা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যেখানে সপ্তাহে কয়েক ডজন রোবট তৈরি হচ্ছিল। এখন তা বেড়ে কয়েক শতে পৌঁছেছে। তবে উৎপাদন নির্ভরযোগ্যভাবে আরও বাড়ানো কঠিন হয়ে পড়েছে।
সরবরাহকারীদের সীমাবদ্ধতা, স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ত্রুটি এবং রোবটের হাত সংযোজনের জটিল প্রক্রিয়া। সব মিলিয়ে উৎপাদনে চাপ তৈরি হয়েছে। বছরের শেষ নাগাদ সপ্তাহে ১ হাজার অপটিমাস রোবট তৈরির লক্ষ্য রয়েছে টেসলার। পরবর্তী সময়ে এই সংখ্যা সপ্তাহে ২০ হাজারে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্রিমন্ট কারখানায় তৈরি হচ্ছে অপটিমাসের তৃতীয় সংস্করণ। আগের সংস্করণের তুলনায় এতে হালকা কাঠামো, উন্নত ক্যামেরা ব্যবস্থা এবং আরও মানবসদৃশ নকশা রয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রোবট
- উৎপাদন বৃদ্ধি
- টেসলা