মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার
প্রথম আলো
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৯
নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মধ্যরাতে রাজধানীর মিরপুর–১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা–পুলিশ।
আজ শনিবার দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।
জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, হামলায় জড়িত থাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযান এখনো চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনই শাহ আলী মাজারের ভাসমান ব্যক্তি। টাকার বিনিময়ে তাঁরা এই ভাঙচুরে অংশ নিয়েছেন।